জেলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম
বাংলা বাউল গানের কিংবদন্তি শিল্পী ও গণমানুষের সুরস্রষ্টা শাহ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে রাজবাড়ীতে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের আজাদী ময়দানে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘রাজবাড়ী মুক্ত আনন্দ’ এ উৎসবের আয়োজন করে। এতে রাজবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে আসা বাউল শিল্পী, সংগীতপ্রেমী ও দর্শনার্থীদের সমাগম ঘটে।
মুক্ত আনন্দের সভাপতি কবি পারভীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লোকগবেষক সুমন কুমার দাশ। অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, শাহ আবদুল করিম শুধু একজন বাউল শিল্পী ছিলেন না, তিনি ছিলেন নিপীড়িত, শোষিত ও সাধারণ মানুষের কণ্ঠস্বর। তার গান অধিকার, সাম্য, প্রেম ও অসাম্প্রদায়িকতার কথা বলে।
তিনি বলেন, দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও শাহ আবদুল করিম ১ হাজার ৬০০-এর বেশি গান রচনা ও সুর করেছেন। তার সৃষ্টিকর্ম সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে বাউল দর্শনের মর্মার্থ বোঝার আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজবাড়ীসহ বিভিন্ন এলাকার বাউল শিল্পীরা শাহ আবদুল করিমের জনপ্রিয় গান পরিবেশন করেন। ‘গাড়ি চলে না’, ‘বন্দে মায়া লাগাইছে’ ও ‘গ্রামের নওজোয়ান’সহ বিভিন্ন গানে মেতে ওঠেন দর্শকেরা।
উল্লেখ্য, শাহ আবদুল করিম ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর মারা যান। তার গান ও জীবনদর্শন এখনো মানুষের মধ্যে সমানভাবে জনপ্রিয়।
প্রতিনিধি/এসএস