Dhaka Mail Logo

সারাদেশ

রাঙ্গবালীতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার যুবদল নেতা

জেলা প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ এএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি যুবদল নেতাকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সাড়ে ৬টার দিকে উপজেলার মনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসাদুজ্জামান জিকো বড়বাইশদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

রাঙ্গাবালী থানা পুলিশ জানায়, উপজেলার মনিপাড়ায় ইয়াবা ও গাঁজার কারবারি করতেন তিনি। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বড়বাইশদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মিরাজ হাওলাদার বলেন, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত— এ বিষয়ে আমরা অবগত ছিলাম না।

তিনি বলেন, ‘গ্রেফতারের পর আমরা বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি ভালোভাবে জেনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

প্রতিনিধি/এএম