জেলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম
বাগেরহাটের মোংলায় মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে চোরাচালানের ১৫ হাজার ৬শ লিটার ভোজ্য তেল (অপরিশোধিত সয়াবিন) জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা কোস্টগার্ড পৌর শহরের প্রধান বাজারের ‘মেসার্স শোভা স্টোর’ নামে মুদি ব্যবসায়ী সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা সবুরের গোডাউনে ৭৮ ব্যারেলে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুদ করা ১৫ হাজার ৬শ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে। দীর্ঘদিন ধরে সবুর অপরিশোধিত এ তেলের সঙ্গে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি এ অভিযানে নেতৃত্ব দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তৎপরতার মধ্যদিয়ে কোস্টগার্ড পৌর শহরের মুদি ব্যবসায়ী সবুরের গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ৭৮ ব্যারেল তেল জব্দ করেছে। জব্দ তেল পুলিশে হস্তান্তর ও এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগেও র্যাবের অভিযানে সবুরের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ভোজ্য তেল জব্দ হয়েছিল।
প্রতিনিধি/এলএ