জেলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতা থেকে অনুপ্রাণিত বাংলা নাটক ‘খাঁচা’ মঞ্চায়িত হয়েছে রাজবাড়ীতে।
অন্যায়, শোষণ, পরাধীনতা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নাটকটি মঞ্চস্থ করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গহন থিয়েটারের প্রযোজনা ও পরিবেশনায় নাটকটির মঞ্চায়ন হয়। এতে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার মূল চেতনায় অন্যায় ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহ, পরাধীনতার শৃঙ্খল ভাঙার আকাঙ্ক্ষা এবং মানুষের স্বাধীনতার স্বপ্নকে নাট্যরূপ দেওয়া হয়েছে।
‘খাঁচা’ নামের মধ্য দিয়ে মানুষের বন্দিত্ব ও মুক্তির আকাঙ্ক্ষার প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে। গহন থিয়েটারের পরিচালক অনুপ কুমার ঘোষ নাটকটির নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রযোজনা ও পরিবেশনার দায়িত্ব পালন করেন। এতে গহন থিয়েটারের বিভিন্ন বয়সী নাট্যকর্মীরা অভিনয় করেন।
নাটক শেষে গহন থিয়েটারের নির্দেশক ও পরিচালক অনুপ কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে রাজবাড়ী জেলা জাসাসের সাবেক সভাপতি এম বাচ্চু রহমান, নাট্যকর্মী কাদেরুজ্জামান, মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, চারণ থিয়েটারের মঞ্জু, শিক্ষক আব্দুল আজিজ, সাবেক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও মৈত্রী থিয়েটারের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত পরিচালক খোকন মাহমুদ, বৈশাখী থিয়েটারের সদস্য জাহাঙ্গীর, জেলা জাসাসের সদস্যসচিব কাজী মিজানুর রহমান পলাশ, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন এবং ফরিদপুরের বাংলা থিয়েটারের আনিচুর জামানসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ শুধু একটি কবিতা নয়, এটি অন্যায়-অত্যাচার ও শোষণের বিরুদ্ধে মানুষের চিরন্তন প্রতিবাদের প্রতীক। বর্তমান প্রজন্মের কাছে নজরুলের বিদ্রোহী চেতনা পৌঁছে দিতে নাট্যচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘খাঁচা’ নাটকের মাধ্যমে মানুষের স্বাধীনতা, অধিকার ও মুক্তির আকাঙ্ক্ষা নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।
বক্তারা আরও বলেন, সমাজে সুস্থ সংস্কৃতি ও নাট্যচর্চার পরিবেশ তৈরি করতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হতে হবে। নিয়মিত নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে সৃজনশীলতার সঙ্গে যুক্ত করা সম্ভব।
প্রতিনিধি/এসএস