Dhaka Mail Logo

সারাদেশ

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে মাঠ সংরক্ষণ এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে কাজ করছে সরকার।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের হাবিব উল্যাহ ডিগ্রি কলেজ মাঠে হাবিব উল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দেশে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন রয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মাঠ সংরক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেনিসসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন হচ্ছে। এসব আয়োজনে বিপুল দর্শকের উপস্থিতি প্রমাণ করে, বাংলাদেশের মানুষের মধ্যে খেলাধুলার প্রতি এখনো ব্যাপক আগ্রহ রয়েছে। এই আগ্রহকে কাজে লাগিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে হবে।

তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শুধু রাজধানী কিংবা বড় শহর নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও অনেক প্রতিভাবান তরুণ রয়েছে। তাদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দিতে হবে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যও কার্যক্রম শুরু হয়েছে।

তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তরুণদের খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত করতে হবে। এতে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ তৈরি হবে।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মধ্যদিয়ে যুবসমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরণ। বিশেষ অতিথি ছিলেন- শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ