জেলা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ এএম
জুয়ার আসরে তাস ও টাকা নিয়ে খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহাবউদ্দীন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওবায়দুল ইসলাম মাহির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে তাকে আরও তিন ব্যক্তির সঙ্গে তাস ও টাকা হাতে নিয়ে তাস খেলতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে ওবায়দুল ইসলাম মাহির দাবি, ভিডিওটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এআরএম