Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রামে ৮ তলা ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক 

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ এএম

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বহুতল ভবন থেকে ৬৩ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পাকিস্তান, চীন, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। অভিযানের কারণ স্পষ্টভাবে জানা না গেলেও পুলিশ বলছে তাদের কার্যক্রম অতি সন্দেহজনক। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ভবনটিতে কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ভবনটি থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ প্রায় ৭০টি ডিভাইস জব্দ করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, ক্যাসিনো সদৃশ্য খেলা ও বিপুল পরিমাণ টাকা লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ। কি কারণে টাকার  লেনদেন ও দেশে আসার কারণ খতিয়ে দেখছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ ফয়সাল আহম্মেদ।  

অভিযানের সময় বহুতল ভবনটির সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিপুল সংখ্যক উৎসুক জনতা ভবনটির সামনে জড়ো হতে দেখা যায়। 

জানা যায়, ভবনটির ভিতরে বিদেশি নাগরিকদের পাসপোর্ট ও ভিসা যাচাই বাছাই করছেন পুলিশ সদস্যরা। অভিযানে ৬৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। তারা কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন, ওই ভবনে কেন অবস্থান করছিলেন এবং সেখানে কী ধরনের কার্যক্রম পরিচালনা করছিলেন—এসব বিষয় যাচাই করা হচ্ছে।

এ ছাড়া আটক ব্যক্তিদের বৈধ কাগজপত্র, ভিসার ধরন এবং তারা কোন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত—সেসব তথ্যও খতিয়ে দেখছে পুলিশ।

এআরএম