Dhaka Mail Logo

সারাদেশ

পাওনা টাকা আত্মসাতে জাসদ নেতার ৬ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

ব্যবসায়ীর পাওনা টাকা আত্মসাতের দায়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগকে (৪০) ৬ মাসের কারাদণ্ড ও ৩৩ লাখ ৮৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাহিদ হোসাইন এই রায় দেন। সাজাপ্রাপ্ত রেজাউল করিম সোহাগ ছাগলনাইয়ার বাঁশপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার পূর্ব ছাগলনাইয়া এলাকার 'আনোয়ার পোল্ট্রি অ্যান্ড ফিডস'-এর মালিক মুন্সি ইমাম হোসেনের কাছ থেকে ৩৩ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের পোল্ট্রি ফিড (পোল্ট্রি খাবার) ক্রয় করেন রেজাউল করিম সোহাগ। পরবর্তীতে পাওনা টাকার বিপরীতে তিনি ব্যবসায়ী ইমাম হোসেনকে পূবালী ব্যাংকের একটি চেক দেন। তবে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ইমাম হোসেন ফেনী আদালতে একটি মামলা করেন।

আদালতের পেশকার শেফায়েত হোসেন মিনার রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং চেকে উল্লিখিত সমপরিমাণ ৩৩ লাখ ৮৬ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

রায় ঘোষণার সময় অভিযুক্ত জাসদ নেতা রেজাউল করিম সোহাগ পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে।

মামলায় বাদী পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন এএসএম সহিদ উল্যাহ এবং বিবাদী পক্ষে ছিলেন জহির উদ্দিন মামুন।

প্রতিনিধি/এলএ