বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাবেক জামায়াত নেতা কারাগারে

জেলা প্রতিনিধি, জামালপুর 
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাবেক  জামায়াত নেতা কারাগারে

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আড়ালে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা একাধিক মামলার সমিতির পরিচালক ও মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদকে(৫৫) গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়।

এর আগে, মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় মাদারগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আব্দুল ওয়াহেদ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির ভুক্তভোগী গ্রাহকরা সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি।  

ওই সমবায় সমিতিতে গ্রাহকের সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। এতে গ্রাহকদের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। সমিতিতে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর