Dhaka Mail Logo

সারাদেশ

বিজিবি ক্যাম্পে ঢুকে ‘হুমকি’, বিএনপির চার নেতাসহ আটক ৬

জেলা প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা নিয়ে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির ক্যাম্পে ঢুকে সদস্যদের হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চার বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

আটকদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও বিজিবি সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে মামলা করে পাটগ্রাম থানায় হস্তান্তর করেছে বিজিবি। পরে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

তারা হলেন- বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আবু সাঈদ, সহসভাপতি মতিউর রহমান, শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সদস্যরা উপজেলার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেন। পরে সেটি স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে রাখা হয়।

ড্রেজার মেশিন জব্দের খবর পেয়ে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন। এ সময় তারা জব্দ ড্রেজারটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং বিজিবি সদস্যদের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেন। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি ক্যাম্পে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় ছয়জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ