জেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি কারখানার সাত শ্রমিককে আটক করে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানার মালিক শরাফ উদ্দিন এবং জমির মালিক আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শফিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার ১২ নম্বর স্বদেশী ইউনিয়নের স্বদেশী উত্তরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, র্যাব-১৪, ব্যাটালিয়ন আনসার ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। অভিযানের সময় কারখানাটিতে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কার্যক্রম চলমান অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হালুয়াঘাট উপজেলার স্বদেশী উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কার্যক্রম চলছিল। এতে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখালেখি হলে প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনার উদ্যোগ নেয়।
অভিযানের সময় পানি দিয়ে কারখানার চুল্লি নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় ঘটনাস্থল থেকে সাত শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সবুজবাগ এলাকার জাবেদ আলীর ছেলে আ. মান্নান (৪৮), কৃষ্ণপুর এলাকার দুলহাজ দেওয়ানের ছেলে আ. রহিম (২৪), পাকুরতলা এলাকার আ. মতিন মণ্ডলের ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (২৪), খুবজিপুর এলাকার আসলাম মিয়ার ছেলে মো. মেহেদী হাসান (২২), কামালিয়াপাড়া এলাকার মো. আ. রশিদ ব্যাপারীর ছেলে মো. আনারুল ইসলাম (৪০), চাকুলী এলাকার মো. ফজলু মণ্ডলের ছেলে মো. মশিউর (২৮) ও একই এলাকার আনোয়ার মণ্ডলের ছেলে মো. শিপন (২০)।
অভিযান সম্পর্কে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক বলেন, ‘অভিযানে ঘটনাস্থল থেকে একটি ট্রাক, ১০০ বস্তা কয়লা, দুটি ব্লু-আর মেশিন, একটি স্কেল ও ১৫০টি ব্যাটারি জব্দ করা হয়েছে। জব্দ করা আলামত স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অবৈধভাবে পরিচালিত কারখানাটির মালিক ও জমির মালিকের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘অবৈধভাবে সিসা তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
প্রতিনিধি/এএম