জেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
ভারতে পালানোর সময় ঢাকার আশুলিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা মামলার পলাতক আসামি ইদ্রিস আলীকে(৪০) আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ইদ্রিস আলীকে আটকের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের দায়িত্বরত ইনচার্জ মো. শরীফুল ইসলাম।
শরীফুল ইসলাম জানান, একাধিক হত্যা মামলা থাকার কারণে ইদ্রিস আলীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে, তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইমিগ্রেশনে আসেন। এ সময় কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, ইদ্রিস আলীর বিরুদ্ধে ৫ আগস্টের পর ঢাকার আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা থাকার বিষয়টি জানতে পেরে তাকে আটক করা হয়। ইদ্রিস আলী আশুলিয়ার জামপাড়া গ্রামের বাসিন্দা আলী আহম্মদের ছেলে। তবে তার সাথে থাকা বোনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায়, তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ইদ্রিস আলীর বিরুদ্ধে, ২০২৪ সালের ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ আছে। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম বলেন, ইদ্রিস আলী ভারতে যাওয়ার উদ্দেশ্যে সকালে ইমিগ্রেশন করতে আসেন। এ সময় তার ডাটাবেজ যাচাইয়ে দেখা যায়, তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করে করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ উল ইসলাম জানান, আখাউড়া ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে ইদ্রিস আলীকে হস্তান্তর করেছে। আমরা বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করেছি। আশুলিয়া থানা পুলিশ আসার পর তাকে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইদ্রিস আলীর বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমরা সেখান থেকে তাকে নিয়ে আসার প্রক্রিয়া করছি। আশুলিয়া থানায় আনার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে