জেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ এএম
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছিল রাজবাড়ীর বালিয়াকান্দি। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়।
বিকেল গড়াতেই নৌকা বাইচ দেখতে বিলে জড়ো হন নানা বয়সী হাজারো মানুষ। নারী, শিশু ও বয়স্কদের উপস্থিতিতে বিলের দুই পাড় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রতিযোগিতায় সুসজ্জিত ছয়টি নৌকা অংশ নেয়।

বাইচ শুরুর পর মাঝি-মাল্লাদের বৈঠার তালে তালে দ্রুতগতিতে ছুটতে থাকে নৌকাগুলো। তাদের হাক-ডাক, জারি-সারি ও লোকগানের সুরে মুখর হয়ে ওঠে লক্ষণদিয়ার বিল। নৌকাগুলোর মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই।
আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ জমারত শেখের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।
প্রতিযোগিতায় প্রথম হয় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলি গ্রামের ‘বাংলার দুলদুল’ নৌকা। দ্বিতীয় হয় জামালপুর ইউনিয়নের আব্দুল মান্নানের নৌকা এবং তৃতীয় হয় রাসেল ফকিরের নৌকা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অর্জনকারী ‘বাংলার দুলদুল’ নৌকার মাঝিদের একটি ফ্রিজ দেওয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে এলইডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, ‘গ্রাম বাংলার এই রূপ ও ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। হাজারো রূপ-রসে ভরা এই নৌকা বাইচ দেখতে এত মানুষের সমাগম আমাকে সত্যিই মুগ্ধ করেছে। জেলার সমৃদ্ধ ইতিহাস ও লোকজ ঐতিহ্য টিকিয়ে রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে।’
প্রতিনিধি/এসএস