Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কনটেইনার গায়েব, চেয়ারম্যানের কাছে নালিশ

জেলা প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

চট্টগ্রাম বন্দর থেকে হঠাৎ গায়েব হয়ে গেছে সাভারের ‘গোল্ড স্টার গার্মেন্টেসের’ আমদানি করা কনটেইনার ভর্তি ফেব্রিক্স রোল। ৬৬৮ বেল ফেব্রিক্স ভর্তি ৪০ ফুট লম্বা কনটেইনারটিতে ছিল রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল ফেব্রিক্স- যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। পরে কনটেইনার খুঁজে না পেয়ে বাধ্য হয়ে বন্দর চেয়ারম্যান বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। 

গত ১৫ আগস্ট চট্টগ্রাম বন্দরে কনটেইনারটি এলেও দাপ্তরিক কাজ শেষে ৩০ আগস্ট কনটেইনারটি দেখতে বন্দরে যান আমদানিকারক প্রতিষ্ঠানের নিয়োগকৃত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এসআরএস সিন্ডিকেট প্রতিনিধিরা। কিন্তু তারা সমগ্র বন্দর খুঁজেও কনটেইনারটির হদিস পাননি। এরপর ২ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য স্থানে খুঁজেও কনটেইনারটি না পেয়ে পরে বন্দর চেয়ারম্যানকে লিখিতভাবে বিষয়টি জানান।

ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ৩০ আগস্টের কোনো একদিন কনটেইনারটি চুরি হয়ে গেছে।

এ বিষয়ে সিঅ্যান্ডএফ কোম্পানির মালিক মো. হাফিজুর রহমান বলেন, আমরা বন্দর ও কাস্টমসের সকল ফি ও ডকুমেন্ট সাবমিট করে যখন কনটেইনারটি সরাসরি দেখতে যায়, তখন সেটি খুঁজে পাওয়া যায়নি। এমনকি জেটি কর্তৃপক্ষ কনটেইনারটিকে আমাদেরকেই খুঁজে নিতে বলে। 

তিনি আরও বলেন, কনটেইনারে আসা কাপড়ের রোলগুলো শতভাগ রপ্তানিমুখী। এতে প্রায় তিন কোটি টাকার কাপড় ছিল। এখন নির্ধারিত সময়ে কাপড়গুলো না পেয়ে আমাদের গ্রাহক ‘গোল্ড স্টার গার্মেন্টস’ও বিপাকে পড়েছে। তারা নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য বায়ারের কাছে পৌঁছাতে ব্যর্থ হবে।

এমআরএসইউ-৮৬৯২৮২৭ নম্বরের কনটেইনারটি ‘এমভি এমসিসি ডানাং’ জাহাজ থেকে গত ১৫ আগস্ট চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ বার্থে নামে। 

এ বিষয়ে তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো হবে বলে জানান চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

প্রতিনিধি/এলএ