Dhaka Mail Logo

সারাদেশ

ছাগলনাইয়ায় ৩ ভুয়া পুলিশ সদস্যকে গণধোলাই দিয়ে আসল পুলিশের হাতে দিল জনতা

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় পুলিশ পরিচয়ে সাধারণ মানুষের মোবাইল ফোন তল্লাশি ও হয়রানির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

​আটকরা হলেন- ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে ইমাম হোসেন (২৮), একই গ্রামের কবির আহাম্মদের ছেলে নাজমুল হক মুন্না (৩৮) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ যশপুর গ্রামের ফিরোজ আহমেদের ছেলে রাজীব হোসেন (৩৬)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই তিন যুবক গ্রামে প্রবেশ করে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেন এবং বিভিন্ন পথচারী ও সাধারণ মানুষের মোবাইল ফোন তল্লাশি শুরু করেন। তাদের আচরণ ও কর্মকাণ্ডে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করেন এবং একপর্যায়ে মারধর করেন। পরে খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

​পুলিশ জানায়, আটক ইমাম হোসেনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় দুটি মামলা রয়েছে। আর নাজমুল হক মুন্নার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অভিযোগে আটটি মামলা।

​এ বিষয়ে ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, ‘এই চক্রটি বিভিন্ন সময় পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি ও হয়রানি করে আসছিল।’

ওসি আরও বলেন, ‘তারা (আটকরা) মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করতো। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

প্রতিনিধি/এএম