জেলা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা ও পঞ্চগড় সদর থানা পুলিশের যৌথ দল।
একই সঙ্গে চুরি ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- তেঁতুলিয়ার কোম্পানীজোত এলাকার মো. আব্দুল বাসেদের ছেলে মো. মিলন পারভেজ (২২) এবং মাথাফাটা এলাকার মো. আজগর আলীর ছেলে মো. ইয়াসিন আলী বিপুল ( ২১) বছর।
পুলিশ জানায়, গত ২৯ আগস্ট তেঁতুলিয়া উপজেলার ৫ নম্বর বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা ব্রিজের পশ্চিম পাশে মহাসড়কের কাছ থেকে একটি পুরোনো নীল-কালো রঙের ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়।
পরে তথ্যের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা ও পঞ্চগড় সদর থানা পুলিশের যৌথ দল অভিযান চালায়। অভিযানে পঞ্চগড় রেলস্টেশনে অবস্থিত মামা-ভাগিনা হোটেলের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পাশাপাশি দুই যুবককে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় মোটরসাইকেল চুরির একটি মামলা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, ‘চুরি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
প্রতিনিধি/এএম