পঞ্চগড়ের বোদায় পুরোনো কাপড়ের বস্তার ভেতরে অভিনব কৌশলে ১২ কেজি গাঁজা বহনের সময় দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে গাঁজা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বোদা উপজেলা সদরের বাইপাস মোড়ের মডেল মসজিদ সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সেনপাড়া এলাকার হৃদয় ইসলাম (২২) ও মহেন রায় (২৩)। তারা দুজনই সেনপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ঠাকুরগাঁও থেকে একটি মোটরসাইকেলে করে পুরোনো কাপড়ের বস্তার মধ্যে করে গাঁজা নিয়ে বোদা উপজেলার সাকোয়া এলাকার দিকে যাচ্ছেন দুই মাদক ব্যবসায়ী। পরে গোয়েন্দা পুলিশের একটি দল বাইপাস মোড় এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজন মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে পুরোনো কাপড়ের বস্তা তল্লাশি করে। এ সময় বস্তার ভেতর থেকে এক কেজি করে মোট ১২টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। পরে হৃদয় ইসলাম ও মহেন রায়কে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ১২ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান,গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/ এজে




