Dhaka Mail Logo

সারাদেশ

শিক্ষক নিয়োগ দেবে অর্ধশিক্ষিত-মূর্খ মানুষ: শিবির সেক্রেটারি

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ না করে স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হলে অর্ধশিক্ষিত ও মূর্খ মানুষ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেবে— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এনটিআরসির মাধ্যমে না হয়ে বর্তমান সরকার পত্র-পত্রিকায় আমরা যেটা দেখলাম, তারা যেটা করতে চায়, সেটা হলো নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হবে স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির মাধ্যমে। এই ম্যানেজিং কমিটিতে বইসা আছে অর্ধশিক্ষিত মূর্খ মানুষ। যারা নির্ধারণ করবে আমাদের স্কুলে বা কলেজে কে শিক্ষক হবে।

দেশের তরুণদের বেকারত্ব ও মেধার যথাযথ মূল্যায়ন না হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আমাদের তরুণদের নানা ধরনের দৈন্যদশা। মেধাবীদের অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেও অনার্স শেষ করে অনেকে বেকার থাকছে।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে সিবগাতুল্লাহ সিবগা বলেন, বিদেশে যেতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। 

তিনি বলেন, ১ লাখ থেকে ৭৫ হাজার টাকার মধ্যেই মালয়েশিয়া কেউ যেতে চাইলে সেটেলমেন্টটা এর মাঝেই হতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মাত্র ২৫ থেকে ৩০টা এজেন্সি দিয়ে কাজ করানো হয়েছে। তারা ৫ থেকে ৬ লাখ টাকা একেকজন বিদেশে যাবে যারা, তাদের কাছ থেকে নিচ্ছে।

দেশে কর্মসংস্থানের পরিবেশ তৈরিতে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, আমাদের দেশে কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে যখন আমাদের তরুণরা কিছু না পেয়ে বাইরে যাওয়ার প্ল্যান করছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের চক্রান্ত চলছে। আমরা বলতে চাই, এ ধরনের চক্রান্ত আপনারা বন্ধ করেন।

তরুণদের মেধা ও যোগ্যতার প্রশংসা করে ছাত্রশিবিরের এই নেতা বলেন, আমরা বাংলাদেশের তরুণদের নিয়ে স্বপ্ন দেখতে চাই। আমরা জানি, আমরা কী করতে পারি। আমাদের তরুণরা মেধা-যোগ্যতা দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের অবস্থান সৃষ্টি করতে সফল হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করছেন এবং বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবনী কর্মকাণ্ডে অবদান রাখছেন।

প্রতিনিধি/এলএ