শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এমপিদের বড় একটা অংশ ঋণ খেলাফি: শিবির সেক্রেটারি

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

এমপিদের বড় একটা অংশ ঋণ খেলাফি: শিবির সেক্রেটারি
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ। ছবি: ঢাকা মেইল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ বলেছেন, সংসদে তাকালেই দেখা যায় এমপিদের বড় একটা অংশ ঋণ খেলাফির সঙ্গে জড়িত।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে বাগেরহাটে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ‘A+ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

শিবিরের বাগেরহাট জেলা শাখার সভাপতি আহমেদ আব্দুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সিবগাতুল্লাহ সিবগাহ বলেন, বাংলাদেশে প্রায় ৬ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে- তার একটি বড় অংশ এই এমপিদের কাছে । বিগত ১৭ বছরে ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের ছাত্রশিবিরের মিশন হলো আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এবং বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির শেখ আ. ওয়াদুদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলামী, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুসহ জেলা জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকরা।

অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় A+ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের জন্যও গর্বের বিষয়। মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার জন্য কঠোর পরিশ্রম, সততা, নৈতিকতা ও সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, শিক্ষাজীবনের পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন অতিথিরা।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর