Dhaka Mail Logo

সারাদেশ

মদনে ১৪০ ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

নেত্রকোনার মদন উপজেলায় ১৪০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

আটকরা হলেন- মদন উপজেলার চাঁনগাঁও চকপাড়া এলাকার তরিকুল ইসলাম (৩৯), খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর পশ্চিমপাড়া এলাকার আলী হোসেন (৪৩), কেন্দুয়া পৌরসভার কান্দিপুরা এলাকার সোহেল মিয়া (৩৫),  মদন পৌরসভার জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া এলাকার আলম মিয়া (৩৫) ও আটপাড়া উপজেলার করারধুপ এলাকার মো. স্বপন মিয়া(৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে মদন থানা-পুলিশ পৌরশহরের জাহাঙ্গীরপুর পয়েন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চারজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। শহরে অপর একটি অভিযানে ১০ পিস ইয়াবাসহ স্বপন মিয়াকে আটক করা হয়। 

আটকরা মাদকসেবন ও বিক্রির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ