জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চুরির অপবাদ দিয়ে মো. হানিফ আলী (২২) নামে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদককারবারিদের বিরুদ্ধে।
উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আহত হানিফ আলী বর্তমানে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি ওই গ্রামের সাদেক আলীর ছেলে।
হানিফের পরিবারের অভিযোগ, ২০২৪ সালে কারবারিদের মাদক পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহে হানিফকে মারধর করে তার পা ভেঙে দেওয়া হয়েছিল। ওই ঘটনায় থানায় মামলা করা হয়, যা বর্তমানে চলমান। মামলা হওয়ার পর থেকেই আসামিরা মামলা তুলে নিতে হানিফের বাবা সাদেক আলী ও পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয় দেখিয়ে আসছিলেন বলেও অভিযোগ পরিবারের।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সন্ধ্যাকুড়া বাজারে হানিফকে চুরির অপবাদ দেওয়া হয়। পরে তাকে একটি ঘরে নিয়ে হাত-পা বেঁধে মারধর ও নির্যাতন করা হয়। একপর্যায়ে হানিফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা চলে যায়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় হানিফের বাবা সাদেক আলী ১০ জনকে অভিযুক্ত করে ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
প্রতিনিধি/এলএ