ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও গরুর মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, গভীর রাতে বিধবা নিলুফা ইয়াসমিন বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া। পরে আশপাশের লোকজনকে ডেকে তালা ভেঙে বের হন তিনি। এরপর গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে থাকা দুটি গরুর একটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে গরুটি পাওয়া যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/এসএস




