Dhaka Mail Logo

সারাদেশ

দুর্গন্ধের সূত্র ধরে তালাবদ্ধ ঘরে মিলল স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার হাজি হযরত আলীর চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে নিহত তিনজনের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই কক্ষটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন ওই নারী ও পুরুষ। কক্ষটির দরজা-জানালা প্রায় সব সময় বন্ধ থাকত। শুক্রবার রাতে ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রতিবেশী এক বাসিন্দা বলেন, ‘ঘরটি সব সময় বন্ধ থাকত। বাইরে থেকে তেমন কোনো কিছু বোঝা যেত না। পরে ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হলে আমরা পুলিশকে খবর দিই।’

খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি খুলে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এ সময় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস