জেলা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কৃষকদের মধ্যে একটি ধারণা রয়েছে ‘যত সার, ততো ফসল’- এই ধারণা থেকে কৃষকদের বের করে নিয়ে আসতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে চলমান সার পরিস্থিতি, সারের উত্তোলন, মজুদ, বিপণন বিষয়ে জেলার সার ডিলারদের সাথে জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আগে আমরা গোবর সার ব্যবহার করতাম। রাসায়নিক সার ব্যবহার করলে সেটা কেউ নাকি খেতেও চাইত না। আগে সব সময় জৈবসার ব্যবহার করা হতো। তখন একটি ফসল দিয়েই দিনাজপুরের মানুষ ৩৬৫ দিন খেতে পারত, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন তিন ফসল, সাড়ে তিন ফসল করার পরও দেখা যাচ্ছে- আমাদের দারিদ্র্যের পরিমাণ সেইভাবে কমাতে পারছি না।
তিনি বলেন, এই সরকার জনগণের ভোটের নির্বাচিত সরকার। এই সরকার আপনাদের সহযোগিতা চায়। আপনারাও সরকারি কর্মসূচিকে সমর্থন করবেন।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ.জে.এম. রেজওয়ানুল হক, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
প্রতিনিধি/এলএ