জেলা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে পারভেজ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের পুরাতন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পারভেজ ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাড়ি থেকে ৬ হাজার টাকা নিয়ে বের হন পারভেজ। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। ওই দিনই মায়ের সঙ্গে তার শেষ কথা হয়। পারভেজের বাবা আনোয়ার হোসেন জীবিকার তাগিদে বর্তমানে কুমিল্লায় কাজ করছেন।
শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহের শরীরের বিভিন্ন চিহ্ন দেখে পরিবারের সদস্যরা সেটি পারভেজের বলে শনাক্ত করেন।
চাড়োল ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সুলতানুল আজম বলেন, পারভেজ মাঝেমধ্যে মাদক সেবন করত। সকালে পুকুরে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে তিনি পুলিশকে বিষয়টি জানান। স্থানীয়রা প্রথমে মরদেহটি শনাক্ত করতে পারেননি। পরে মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা পারভেজকে শনাক্ত করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রতিনিধি/এআরএম