বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

লোকালয়ে শঙ্খিনী, আতঙ্কের পর নিরাপদ উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৭:২৮ এএম

শেয়ার করুন:

লোকালয়ে শঙ্খিনী, আতঙ্কের পর নিরাপদ উদ্ধার
বিষধর শঙ্খিনী (শাঁখামুটি) সাপ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়ি থেকে বিষধর শঙ্খিনী (শাঁখামুটি) সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে শহরের পূর্বাশা আবাসিক এলাকার গোপাল গোস্বামীর বাসা থেকে সাপটি উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। পরে সাপটি নিরাপদে সংরক্ষণ করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসার ভেতরে সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। বিষধর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে নাহিদ নামের এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

b7ec210b-05e7-4e50-8732-5374d9a8e631

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, বন্যপ্রাণী দেখলেই অনেক সময় মানুষ আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা করেন। অথচ বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। বাড়ি বা লোকালয়ে কোনো সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রশিক্ষিত উদ্ধারকারী বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা উচিত।

ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখতে পান, এটি শঙ্খিনী বা শাঁখামুটি (Banded Krait) সাপ। পরে নিরাপদে সাপটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, সাপটি অত্যন্ত বিষধর। তাই কেউ যেন এটি ধরতে বা মারার চেষ্টা না করেন, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধার হওয়া বন্যপ্রাণী যথাযথ নিয়ম অনুসরণ করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর