Dhaka Mail Logo

সারাদেশ

ভাতিজার সঙ্গে সম্পর্কের সন্দেহ, স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

ময়মনসিংহের ভালুকায় ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে—এমন সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পর নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। আহত স্বামী-স্ত্রী দুজনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুল্লাবর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন কুল্লাবর গ্রামের মৃত আইনুল্লাহর ছেলে জসিম উদ্দিন (৬৫) ও তার স্ত্রী পারুল বেগম (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে জসিম উদ্দিনের সঙ্গে তার স্ত্রী পারুল বেগমের বিরোধ চলছিল। জসিমের সন্দেহ ছিল, তার বড় ভাইয়ের ছেলের সঙ্গে স্ত্রী পারুলের অনৈতিক সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি ও বিরোধ হতো।

আরও পড়ুন

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা 

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বসতঘরের ভেতর স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী পারুল বেগমের গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে একই অস্ত্র দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন জসিমও।

বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করেন। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বলেন, ভালুকার কুল্লাবর গ্রাম থেকে স্বামী-স্ত্রী দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বুধবার দুপুরে কুল্লাবর গ্রামে স্বামী-স্ত্রীর মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।

প্রতিনিধি/এসএস