Dhaka Mail Logo

সারাদেশ

সুন্দরবনে টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়, বিপাকে পর্যটক-জেলে-বনরক্ষীরা

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবন উন্মুক্ত হওয়ার পরপরই দেখা দিয়েছে মোবাইল যোগাযোগের বিপর্যয়। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা, দুবলার চর আলোরকোল ও অফিসকেল্লায় টেলিটকের তিনটি টাওয়ারের জেনারেটর বিকল হয়ে গত তিন দিন ধরে নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সুন্দরবনে আসা দেশি-বিদেশি পর্যটক, জেলে, বনজীবী ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনে মোবাইল যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম টেলিটকের তিনটি টাওয়ার অচল হয়ে পড়ায় বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত ১ সেপ্টেম্বর তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও নেটওয়ার্ক না থাকায় পর্যটকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্বজনদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি জরুরি প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহারেও সমস্যায় পড়ছেন তারা।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর ইমরান বলেন, গত সোমবার (৩১ আগস্ট) সকালে কটকায় থাকা টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর হঠাৎ বিকল হয়ে যায়। এর পরপরই দুবলার চর আলোরকোল ও অফিসকেল্লায় থাকা টেলিটকের টাওয়ারও অচল হয়ে পড়ে। ফলে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় টেলিটকের মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

সুন্দরবনে প্রবেশের অনুমতির প্রথম দিনেই বৃষ্টিতে জেলেদের অনীহা

তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশ শুরু হয়েছে। এ সময়ে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় পর্যটকরা স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। একই সঙ্গে সাগর ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলে-বনজীবী এবং বন বিভাগের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।

বাগেরহাট পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, গত তিন দিন ধরে টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে সুন্দরবনে মোবাইল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। কিছুদিন পরপরই সুন্দরবনে টেলিটকের নেটওয়ার্কে এ ধরনের সমস্যা দেখা দেয়।

টেলিটকের খুলনা বিভাগীয় ইনচার্জ মো. নুর আলম ঢাকা মেইলকে বলেন, সুন্দরবনের কটকাসহ তিনটি টেলিটক টাওয়ারের জেনারেটর একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জরুরি ভিত্তিতে জেনারেটর মেরামতের জন্য সুন্দরবনে লোক পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে মোবাইল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে।

প্রতিনিধি/জেবি