Dhaka Mail Logo

সারাদেশ

নারী উদ্যোক্তাকে লাথির ভিডিও ভাইরাল, রাজবাড়ীতে ৯ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম

রাজবাড়ী শহরের কাপড়ের বাজার এলাকায় নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে হেনস্তা ও মারধরের ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনায় সম্পৃক্ত দুজনকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে ভুক্তভোগী জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন। মামলা করার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আমার ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ হিসেবে থানায় মামলা করেছি। আশা করছি, প্রশাসন আমাকে সঠিক বিচার দেবে।’

ঘটনার সূত্রপাত গত শনিবার। কাপড়ের বাজারে ব্যবসায়িক বিরোধের জেরে জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও নিন্দার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি জাকিয়া সুলতানাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারছেন।

এ ঘটনায় সোমবার দুপুরে প্রতিবাদ ও পরিস্থিতি পর্যালোচনার জন্য সাময়িকভাবে দোকানপাট বন্ধ রেখে সমাবেশ করেন রাজবাড়ী কাপড়ের বাজারের ব্যবসায়ীরা। সমাবেশে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ী নেতারা।

আরও পড়ুন

পুলিশের সামনে নারীকে লাথি, ভিডিও ভাইরাল

রাজবাড়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজির আহমেদ বলেন, ‘আমরা ঘটনাটির জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঘটনার পর আইনগত পদক্ষেপের বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। যে দুজন ব্যক্তি ওই নারীকে লাথি মেরেছেন, তাদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার খণ্ডিত ভিডিও প্রকাশ করে বিভ্রান্তিকর তথ্য বা গুজব না ছড়ানোর জন্যও আহ্বান জানান ব্যবসায়ী নেতারা।

রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

প্রতিনিধি/এসএস