Dhaka Mail Logo

সারাদেশ

ডিবি পরিচয়ে জামায়াত নেতাকে জিম্মি, ছিনিয়ে নিল ১২ লাখ টাকা

জেলা প্রতিনিধি

৩১ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে একটি চক্রের বিরুদ্ধে ইসলামী ব্যাংক আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকের ম্যানেজার আবদুর রহমানকে জিম্মি করে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবদুর রহমান ইসলামী ব্যাংক আবু মাঝির হাট এজেন্ট শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বসুরহাট থেকে এজেন্ট ব্যাংকের ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে আবু মাঝির হাট ফিরছিলেন ম্যানেজার আবদুর রহমান। পথে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস পার হওয়ার পর একটি সাদা প্রাইভেটকার তার মোটরসাইগতিরোধ করে। এসময় গাড়ির ভেতর থেকে ডিবির পোশাক পরিহিত এবং অস্ত্রধারী কয়েকজন লোক নেমে তাকে বলে আপনার বিরুদ্ধে ইয়াবা বিক্রির তথ্য আছে।

পরে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে তাকে জোরপূর্বক ওই প্রাইভেটকারে তুলে নেয় চক্রটি। এসময় গামছা দিয়ে তার হাত ও চোখে বেঁধে তারা পরবর্তীতে উপজেলার নবীপুর এলাকায় তাকে গাড়ি থেকে ফেলে দিয়ে নগদ ১২ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ