অভিনব কৌশলে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি ও ছিনতাইয়ের অভিযোগে আন্তঃজেলা স্বয়ংক্রিয় প্রতারক চক্রের ৪-সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা, একটি হ্যান্ডকাফ ও দুটি ভুয়া খেলনা ওয়াকি-টকি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম।
পুলিশ সুপার জানায়, গত ১৯ আগস্ট বিকেলে গজারিয়া থানার চরবাউশিয়া এলাকায় অভিযান পরিচালনার সময় একটি অটোরিকশায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। পরে তাদের কাছে ওয়াকি-টকি ও হ্যান্ডকাফ দেখতে পেয়ে পুলিশ সদস্যরা তাদের পরিচয় জানতে চান।
এ সময় তারা নিজেদের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে দাবি করলেও পরিচয়পত্র দেখাতে পারেনি অভিযুক্তরা।
পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেন, ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে অটোরিকশা চালকদের সঙ্গে প্রতারণা করতেন।
মূলত, অনলাইন থেকে ভুয়া হ্যান্ডকাফ ও খেলনা ওয়াকি-টকি কিনে সেসব প্রদর্শনের মাধ্যমে চালক-দের ভয়ভীতি দেখিয়ে অটোরিকশা চুরি ও ছিনতাই করতেন অভিযুক্তরা। এরপর সেসব, ব্যাটারিচালিত অটোরিকশাগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশা ক্রয়কারী মো. হাবিবুরকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পরবর্তী জিজ্ঞাসাবাদে হাবিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে আরও একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা সহ মো. কাশেম ঢালীকে গ্রেপ্তার করা হয়।
তবে গ্রেফতারকৃত মূল অভিযুক্ত ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শামীম সৌরভ (৩২), বরগুনার আমতলীর শাকিব ওরফে শাকিল (২৪), নারায়ণগঞ্জের বন্দরের হাবিবুর (৪০) এবং মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর কাশেম ঢালী (৫০)।
পুলিশ সুপার আরো বলেন, চক্রটির আরও সদস্য এসব কাজে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভুয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে প্রতারণা ঠেকাতে মানুষকে সতর্ক থাকতে হবে।
প্রতিনিধি/এজে




