Dhaka Mail Logo

সারাদেশ

বিদায় সংবর্ধনার দিনে কফিনে করে এলেন প্রধান শিক্ষক

জেলা প্রতিনিধি

৩১ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার কথা ছিল প্রধান শিক্ষক তপন কুমার সাহার (৫৯)। সহকর্মীরা প্রস্তুত করেছিলেন বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট। কিন্তু সেই আয়োজনের দিনেই কফিনে করে নিজ কর্মস্থলে ফিরতে হলো তাকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কয়েক ঘণ্টা পর তার মরদেহ নেওয়া হয় বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে তৈরি হয় এক হৃদয়বিদারক পরিবেশ।

সোমবার (৩১ আগস্ট) সকালে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এই মর্মস্পর্শী ঘটনা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে প্রধান শিক্ষক তপন কুমার সাহাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। সহকর্মীরা অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি তার জন্য ক্রেস্টও প্রস্তুত করেছিলেন। কিন্তু ভোরে আসে তার মৃত্যুর খবর। চাঁদপুর শহরের নিজ বাসভবনে রোববার রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

নিহতের সহকর্মী তানজিলা আক্তার বলেন, স্যারকে বিদায় ও ক্রেস্ট দেওয়ার জন্য আমরা দুপুরের অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু ভোরে ফোনে জানতে পারি, স্যার রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরেক সহকর্মী লিমা আক্তার জানান, রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তপন কুমার সাহা। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম অরুণ বলেন, স্যারের বিদায় সংবর্ধনায় আমি অতিথি ছিলাম। স্যারকে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু আজ তাকে চিরবিদায় দিতে হলো। তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শিক্ষার্থীসহ আমরা সবাই ভারাক্রান্ত।

মৃত্যুকালে তপন কুমার সাহা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 

প্রতিনিধি/এলএ