জেলা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৬, ০২:২৪ পিএম
বর্তমান সরকার শিক্ষকদের সঠিক মূল্যায়ন করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৩১ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্প বিষয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হবে। এ কর্মসূচির মাধ্যমে কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে এবং ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।
তিনি বলেন, “এলাকাবাসীকে নিজ নিজ স্কুলের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদেরও স্কুলের সঙ্গে যুক্ত করতে হবে। এতে বিদ্যালয়ের প্রতি সবার দায়িত্ববোধ তৈরি হবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে।”
ম্যানেজিং কমিটি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, “ম্যানেজিং কমিটি কোনো রাজনৈতিক বিষয় নয়। বিদ্যালয়ের এলাকার মানুষের অংশগ্রহণের ভিত্তিতেই এই কমিটি গঠন করা হবে। এর মূল উদ্দেশ্য এলাকাবাসীকে বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত করা। তারা স্কুলের সঙ্গে যুক্ত থাকলে বিদ্যালয় আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে।”
দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মো. আবুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট ও অডিট) মিজ ইসরাত জাহান এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা।
প্রতিনিধি/এসএস