রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ
আগামী শিক্ষাবর্ষে দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আগামী শিক্ষাবর্ষে দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে চলমান পাইলট কর্মসূচিতে কোনো ত্রুটি ধরা পড়লে কর্মসূচি শুরুর সময় কিছুটা পিছিয়ে যেতে পারে বলে জানান তিনি।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে রংপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘চলমান পাইলট কর্মসূচির ফলাফল ইতিবাচক হলে ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে। তবে পাইলট কর্মসূচিতে নতুন কোনো ত্রুটি ধরা পড়লে কিছুটা সময় লাগতে পারে। সে ক্ষেত্রে ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতে না হলেও ওই শিক্ষাবর্ষের মধ্যেই কর্মসূচি চালু করা হবে।’

তিনি বলেন, ‘পাইলট কর্মসূচির ফলাফল এখন পর্যন্ত খুবই ইতিবাচক। আগামীকাল দিনাজপুরে এই কর্মসূচি নিয়ে একটি কর্মশালা হবে। সেখানে আরও কিছু চিত্র পাওয়া যাবে। এখন পর্যন্ত যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তাতে আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালের শুরুতেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করার ব্যাপারে আমরা আশাবাদী।’

দেশে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থী কমছে না বাড়ছে—এটা আমাদের মাথাব্যথার বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো, প্রত্যেক শিশু বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং সঠিকভাবে শিক্ষা লাভ করছে কি না। তারা কোথায় শিক্ষা নিচ্ছে, সেটি মূল বিষয় নয়।’

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, ‘যেসব এলাকায় জনগণের প্রয়োজন ছিল, সেসব এলাকায় সরকার প্রাথমিক বিদ্যালয় তৈরি করেছে। কোনো এলাকায় যদি এখন সেই বিদ্যালয়ের প্রয়োজন না থাকে, তাহলে সেটি রাখারও প্রয়োজন নেই।’

তবে দুটি বিষয়ে কোনো আপস করা হবে না জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘প্রথমত, প্রত্যেক শিশুকে বিদ্যালয়ে যেতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেক বিদ্যালয়ে সঠিক শিক্ষা নিশ্চিত করতে হবে।’

পরে প্রতিমন্ত্রী পিটিআই প্রশিক্ষণার্থীদের কর্মশালায় যোগ দেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর