Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় ২১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে মজুদ ২১১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে এ ঘটনায় জড়িত খুচরা সার ব্যবসায়ী শ্রী মিথুন চন্দ্র বর্মন নান্টুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ করা সারগুলো রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার কামারপাড়া বাজার থেকে প্রশাসনের কার্যালয়ে আনা হয়।

এসব সারের মধ্যে- ইউরিয়া ৯৪ বস্তা, ডিএপি ১৯ বস্তা, টিএসপি ১৭ বস্তা, জিপসাম ৬৮ বস্তা ও পটাস ১৩ বস্তা রয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও রওজাতুন জান্নাত।

স্থানীয়রা জানায়, শনিবার (২৯ আগস্ট) কামারপাড়া বাজারের মিথুন চন্দ্র বর্মন নান্টুর দোকান থেকে ১৪ বস্তা সার ভ্যানযোগে সুন্দরগঞ্জের দিকে নিয়ে যাচ্ছিল। এরই মধ্যে এলাকাবাসী টের পেয়ে প্রশাসনের খবর দেন। এরপর নান্টুর গুদামে আরও মজুদ সার আছে বলে স্থানীয়রা বিক্ষোভ করতে থাকেন। পরে প্রশাসনের লোকজন এসে ২১১ বস্তার সার জব্দ করেন।   

কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে সারের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে কেউ কেউ সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে।  তাই অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের অফিসিয়াল মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য বলেন, ওই স্থানে বিভিন্ন ধরনের ২১১ বস্তা সার জব্দসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ সারগুলো প্রশাসনের হেফাজতে রয়েছে। এগুলো সরকারি দামে কৃষকদের কাছে বিতরণ করা হবে।

প্রতিনিধি/এলএ