শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

রাজশাহীতে ১৩২ বস্তুা সার জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, রাজশাহী 
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৪:৫৯ এএম

শেয়ার করুন:

রাজশাহীতে ১৩২ বস্তুা সার জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে মজুদ করা ১৩২ বস্তা সার জব্দ করা হয়েছে। এ সময় মজুতের দায়ে এক কীটনাশক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার দেওপাড়া ইউনিয়নের কানাইডাঙ্গা এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কানাইডাঙ্গা এলাকার ‘মেসার্স জিএস ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও খুচরা কীটনাশক ব্যবসায়ী নাসির উদ্দিনের (৪৫) বাড়ির পেছনের একটি গোয়ালঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে গোয়ালঘর থেকে অবৈধভাবে লুকিয়ে রাখা ৮৬ বস্তা এমওপি (পটাশ) এবং ৪৬ বস্তা ডিওপি সার উদ্ধার করা হয়। অভিযুক্ত নাসিরউদ্দিন সরকারি অনুমোদিত কোনো সার ডিলার নন। তিনি মূলত একজন খুচরা কীটনাশক ব্যবসায়ী। লাইসেন্স বা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই অধিক মুনাফার উদ্দেশ্যে তিনি এই বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুত করেছিলেন। সারের এই অবৈধ মজুতের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন এবং অবৈধভাবে রাখা সব সার জব্দ করেন।

অভিযান শেষে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, চলতি আমন মৌসুমে কৃষকেরা যেন সার সংকটে না পড়েন এবং সঠিক মূল্যে সার পান, তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। ডিলার বা খুচরা বিক্রেতা যে-ই হোক না কেন, অনুমোদন ছাড়া অবৈধভাবে সার মজুদ কিংবা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে কোনো ছাড় দেওয়া হবে না। কৃষক স্বার্থ সুরক্ষায় এবং বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই নিয়মিত মনিটরিং ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর