জেলা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম
রংপুর বিভাগের পাঁচ জেলায় তিন দিনের সফরে এসে নীলফামারীর তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তবে তার এই সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
রোববার (৩০ আগস্ট) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় পৌঁছে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ব্যারেজ ও এর আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে সহধর্মিনী, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এএবি) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন। তার তিন দিনের সফরের পরবর্তী ধাপে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের কথা রয়েছে। এরপর তিনি নীলফামারীর সৈয়দপুরে আসবেন।
সৈয়দপুর সফরে রাষ্ট্রদূতের স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এর মধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানা, রেলওয়ে জাদুঘর, চিনি মসজিদ ও ক্রিশ্চিয়ান চার্চ পরিদর্শনের কথাও রয়েছে।
এ ছাড়া সফরকালে রংপুর বিভাগের এসব জেলার বিভিন্ন স্থাপনা, শিল্প-কারখানা, ধর্মীয় প্রতিষ্ঠান ও চা-বাগান ঘুরে দেখবেন মার্কিন রাষ্ট্রদূত।
তবে কেন এই পাঁচ জেলা এবং নির্দিষ্ট এসব স্থাপনা পরিদর্শনের জন্য তিনি সফর করছেন-এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে রাষ্ট্রদূতের এই সফরের উদ্দেশ্য নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
প্রতিনিধি/এমআই