আমেরিকা ও বাংলাদেশকে নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আনন্দিত বলে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।’
ড. খলিলুর রহমান মন্ত্রী হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে এ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার সাক্ষাৎ করেন।
শুরুতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ পান। এরপর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ পান।
বিজ্ঞাপন
এসএইচ/এমআই

