Dhaka Mail Logo

সারাদেশ

সড়ক নয় যেন মরণফাঁদ, ১০ বছর ধরে থমকে সংস্কারকাজ

জেলা প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর থেকে বালিনা পর্যন্ত সড়কটির সংস্কারকাজ প্রায় ১০ বছর ধরে থমকে আছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা সড়কটির বড় একটি অংশ পাশের খালে বিলীন হয়ে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী। স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কটির বর্তমান অবস্থায় স্বাভাবিকভাবে চলাচল করাই কঠিন।

ব্রাহ্মণপাড়া ও পাশের দেবীদ্বার উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী সড়কটি প্রায় ১০টি গ্রামের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। তবে গত আগস্টের ভয়াবহ বন্যায় সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। একপর্যায়ে সড়কটি প্রায় পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে যায়। বন্যার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সড়কে এক ঝুড়ি মাটিও ফেলা হয়নি বলে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সড়কে চলাচলকারী স্থানীয় বাসিন্দা ইমন হোসেন বলেন, ‘এই রাস্তা দিয়ে মানুষের চলাচলের কোনো উপায় নেই। বাধ্য হয়ে প্রতিদিন ঝুঁকি নিতে হয়। সড়কের এই কঙ্কালসার অবস্থার কারণে আশপাশের বিয়ের উপযুক্ত ছেলে-মেয়েদের ভালো আত্মীয়তাও আসছে না।’

আরও পড়ুন

জ্বলে না চুলা, থমকে আছে শিল্পের চাকা; গ্যাস সংকটে নাকাল ফতুল্লা

স্থানীয় শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গত ৭-৮ বছর ধরে এই সড়কে কোনো যানবাহন ঠিকভাবে চলাচল করতে পারছে না। একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদা ও পিচ্ছিল হয়ে যায়। তখন এটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।’

দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া রিপন বলেন, ‘এই সড়কটি আমাদের ইউনিয়নের বাসিন্দাদের প্রধান দুঃখ। ১০টি গ্রামের সহজ যোগাযোগের এই পথটির সংস্কারে কয়েকবার দরপত্র আহ্বান করা হলেও অজানা কারণে তা বাতিল হয়ে যায়। সাবেক সংসদ সদস্যও চেষ্টা করেছিলেন। আশা করছি, দ্রুতই নতুন দরপত্র অনুমোদন পাবে।’

সড়কটির বেহাল দশার কথা স্বীকার করে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী মো. গোলাপ হোসেন ভূঁইয়া বলেন, ‘সড়কটির অবস্থা সত্যিই খুব নাজুক। আগে অনুমোদন পেলেও দরপত্র বাতিল হয়েছিল। বর্তমানে নতুন করে দরপত্র প্রক্রিয়াকরণের কাজ চলছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা সম্ভব হবে।’

প্রতিনিধি/এসএস