জেলা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৬, ০৭:১৪ এএম
রাজশাহীর তানোরে ফসলি জমি থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোকুল এলাকার এক ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কৃষকের নাম রসুল মন্ডল (৬০)। তিনি তানোর পৌর এলাকার গোকুল গ্রামের মৃত লকি মন্ডলের ছেলে।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি ওই কৃষক। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোকুল গ্রামের এক ব্যক্তি ঘাস কাটার সময় জমিতে তার মরদেহ দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে তানোর থানায় নিয়ে আসে।
মৃতের ছেলে আতাউর মন্ডল বলেন, আমরা ১ ভাই ২ বোন সবারই বিয়ে হয়ে গেছে, আমার মা গত ৫ বছর আগে মারা গেছেন। আমার বাবা আমার বাড়িতেই থাকতেন। গত শুক্রবার সকালে বাবা গ্রামের মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মনে করেছি, কোথাও বেড়াতে গেছে। সন্ধ্যার পর গ্রামের লোকজনের মুখে বাবার মরদেহ জমিতে পড়ে থাকার খবর পেলাম।
তিনি আরও বলেন, যে জমিতে আমার বাবার মরদেহ পড়েছিলো, ওই ২ কাঠা জমি এ বছরই আমাদের গ্রামেরই এবারত নামের এক ব্যক্তির কাছ থেকে কটে নিয়ে বাবা ধান চাষ করেছেন। মাঝে মাঝে জমিতে ঘাস নিড়ানি পরিচর্যার জন্য যেতেন।
তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তানোর থানায় একটি (ইউডি) মামলা দায়ের হবে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। স্ট্রোক করেও তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিনিধি/টিবি