কক্সবাজারের রামুতে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আরফাত ভুইঁয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মরিচ্যা চেকপোস্ট সংলগ্ন ধোঁয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ আরফাত ভুইঁয়া উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার মৃত দিদারুল আলম ভুইঁয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত উখিয়া উপজেলা ও মাতামুহুরি উপজেলার মধ্যকার খেলা দেখে মোটরসাইকেলে করে উখিয়ায় ফিরছিলেন আরফাত। পথে ধোঁয়াপালং এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, দুর্ঘটনার বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/টিবি




