Dhaka Mail Logo

সারাদেশ

সরকারি টাকা দুর্নীতির মাধ্যমে পকেটে গেলে জেলে যেতে হবে: হুইপ দুলু

জেলা প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাকে আইনের আওতায় এনে জেলে পাঠানো হবে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ এবং অসহায়, দরিদ্র ও দুঃস্থ রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে। বাংলাদেশে স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি তারেক রহমান শুরু করেছেন। আগামী পাঁচ বছরে কোনো স্কুল, মসজিদ, মাদরাসা, মন্দির কিংবা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে না। প্রতিটি প্রতিষ্ঠানকে সরকারের অর্থায়নের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

তিনি আরও বলেন, ‘নেতা সৎ হলে তার কর্মীরাও সৎ হতে বাধ্য হবেন। আর নেতা দুর্নীতিবাজ হলে তার কর্মীরাও দুর্নীতিবাজ হন। অতীতে বাংলাদেশে প্রধানমন্ত্রী, তার পরিবার ও নেতারা দেশ থেকে টাকা-পয়সা লুট করে পালিয়ে গেছেন।’

সরকারদলীয় হুইপ আরও বলেন, ‘আওয়ামী লীগের আমলে সরকারি অর্থ লুটপাট ও দুর্নীতির যে অভিযোগ রয়েছে, তার পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। সরকারি অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা কারও ব্যক্তিগত পকেটে গেলে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।’

অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস