Dhaka Mail Logo

সারাদেশ

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

উপজেলা প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম

মিরসরাইয়ে শখের বসে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। একসঙ্গে দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই বন্ধু হলেন— তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল ওমর। শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে ও ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে। ওমর ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেট্টিক্যাল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ও শুভ বারইয়ারহাট কলেজের শিক্ষার্থী।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা, তালাত মাহমুদ শুভ ও আব্দুল্লাহ আল ওমর শুক্রবার রাতে নতুন মোটরসাইকেল কিনে উপজেলার বারইয়ারহাট থেকে বাড়ি ফেরার পথে অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া এলাকায় দ্রুত গতির একটি মালবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শুভ নিহত হয় এবং ওমরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একসাথে দুই বন্ধুর মৃত্যুতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শহীদ বলেন, তারা দুইজনের ভালো বন্ধু ছিলো। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাভে চাকরি করতো। বন্ধু ওমরকে নিয়ে শুভ নতুন মোটরসাইকেল কেনার জন্য বারইয়ারহাট গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে বড়তাকিয়া বাজার এলাকায় একটি দ্রুত গতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয় বলে।

 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি