রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরা হলো না সাবেক ইউপি সদস্যের

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরা হলো না সাবেক ইউপি সদস্যের
নিহত আব্দুল খালেক।

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামের সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ভোরে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আব্দুল খালেক। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তৌকির বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে আনার আগেই আব্দুল খালেকের মৃত্যু হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আব্দুল খালেকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর