জেলা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৬, ০৯:০৬ এএম
রংপুরের গংগাচড়া উপজেলার গজঘন্টার কাউয়া ফান্দায় এলাকায় এক অটো চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই অটো চালক হলেন গংগাচড়া ইউনিয়নের নবনীদাস এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে মোহাম্মদ মোকলেসুর রহমান। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক মোখলেসুর রহমান শুক্রবার রাত ১১টার পর রংপুর নগরীর বুড়িরহাট থেকে যাত্রী নিয়ে গঙ্গাচড়ার গজঘণ্টা ইউনিয়নের কাউয়া ফান্দা এলাকার দিকে যান। নির্জন স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে এবং তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা রাস্তার পাশে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর ছবুর বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ছিনতাই হওয়া অটো উদ্ধার ও ঘাতকদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
প্রতিনিধি/টিবি