জেলা প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৬, ০৯:৫১ পিএম
নড়াইলের কালিয়া উপজেলার ২২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আমির মুন্সী (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে অভিযুক্ত ওই যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী তরুণীর পরিবার সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার একটি গ্রামে অভিযুক্ত আমির মুন্সী নামে ওই যুবক এক বাকপ্রতিবন্ধী তরুণীকে বাড়িতে একা থাকার সুযোগে ফুঁসলিয়ে ধর্ষণ করেন। এর আগেও আমীর ওই বাকপ্রতিবন্ধীকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ ভুক্তভোগী ও তার পরিবারের।
ধর্ষণের বিষয়টি জানাজানি হলে সকালে পুলিশ অভিযুক্ত আমীর মুন্সিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তাকে আসামি করে ভুক্তভোগী তরুণীর বড় বোন বাদী হয়ে মামলা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ