জেলা প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৬, ০৮:৩৭ এএম
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আটটার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্রেফতার অন্যরা হলেন এনসিপির নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। একপর্যায়ে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, সংঘর্ষে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। এ ঘটনায় কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ।
মামলার বাদী ও মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ অভিযোগ করেন, এনসিপির পদ দেওয়ার বিষয়ে এহসান জাকারিয়াসহ মামলার আসামিরা তার কাছে চাঁদা দাবি করেছিলেন। মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাদের ওপর হামলা করা হয় বলেও দাবি করেন তিনি।

মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ বলেন, বিষয়টি তারা জেনেছেন। এ বিষয়ে দলীয়ভাবে তদন্ত করা হবে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার পাঁচজনকে শুক্রবার আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/এসএস