জেলা প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম
‘রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারে চার খুনের ঘটনায় সঠিক ক্লু বের করতে ব্যর্থ গোয়েন্দা সংস্থা বলে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি শিক্ষিত, ভদ্র পরিবারের চারজনকে হত্যা করা হলো। অথচ আজও এর সঠিক ক্লু বের করা গেল না। দেশের গোয়েন্দা সংস্থা হত্যাকাণ্ডের সঠিক ক্লু বের করতে ব্যর্থ হয়েছে। এ নিয়ে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের কারো কথায় মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করছে গোয়েন্দা সংস্থার পেছনে। বিগত দিনেও অনেক নিরীহ মানুষকে গোয়েন্দা সংস্থার লোকজন তুলে এনে ক্রস ফায়ারে দিয়েছে। আজ মানুষের জানমালের নিরাপত্তা নেই।
তিনি আরও বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে; তাদের দিয়ে প্রকৃত তথ্য জাতিকে জানাতে পারেনি পুলিশ প্রশাসন। আমি নিহতের পরিবারের প্রতি সমবেদনা, সহানুভূতি ও শোক জ্ঞাপন করছি। অবিলম্বে প্রশাসনকে হত্যার মূল রহস্য উদঘাটন, জড়িতদের খুঁজে বের করার জন্য জোর দাবি জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, বিএনপি সরকার ৬ মাস ধরে রাষ্ট্র পরিচালনা করছে। এই অল্প সময়ে প্রায় সাড়ে ৫০০ খুনের ঘটনা ঘটেছে। জনদুর্ভোগেরও শেষ নেই। উত্তরবঙ্গে সারের সংকট চলছে, বেশি দাম দিয়েও সার পাওয়া যাচ্ছে না। লোডশেডিং চরমে উঠেছে, এরই মধ্যে গ্যাস-জ্বালানির সংকট তৈরি হয়েছে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এসব দায় সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, সরকারের দায়িত্বে যারা এসেছেন- তারা দলীয়করণ থেকে দূরে থাকতে পারেন নাই। বর্তমান সরকারও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলের দায়িত্বে থাকা নেতাদের পদায়ন করা হয়েছে। সিটি করপোরেশন, জেলা পরিষদ, দেশের ৮টি উন্নয়ন কর্তৃপক্ষে বিএনপি দলীয় লোকজনকে পদায়ন করেছে। অথচ আমরা এমন কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি।
দলীয় এমপিদের বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকে। আমাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ১৩০০ ভোটে হারানো হয়েছে। বিএনপির পরাজিত নেতাদের বিভিন্ন স্থানে প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। প্রশাসন চালাতে গিয়ে তারা এমন শাসন চালাচ্ছে, সেই এলাকার নির্বাচিত এমপি দায়িত্ব পালনে বৈষম্যের শিকার হচ্ছেন।
গণরায় নিয়ে তিনি বলেন, সরকার প্রধান নির্বাচনের আগে এসে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু নির্বাচনের পর সরকারপ্রধান সেই প্রতিশ্রুতি রক্ষা করেন নাই। আমরা ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন করে যাচ্ছি। আগামীতে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, ইসলামী ছাত্রশিবির নেতা সামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ