Dhaka Mail Logo

সারাদেশ

ভুতুড়ে বিদ্যুৎ বিল, উল্লাপাড়ায় গ্রাহকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি

২৭ আগস্ট ২০২৬, ০৮:৪৮ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগে জেনারেল ম্যানেজার নুরুল হুদার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা গ্রাহকরা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা জেনারেল ম্যানেজার নুরুল হুদার পদত্যাগের দাবি জানান।

বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগ, অনেক ক্ষেত্রে মিটার রিডিং না দেখেই ইচ্ছেমতো বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে। এতে গ্রাহকদের অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে এ কারণে স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে খরচের মাত্রা বাড়ছে বলেও অভিযোগ করেন। এ বিষয়ে একাধিকবার অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা গ্রাহকরা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। 

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবস্থান নেওয়া গ্রাহকদের সরিয়ে দেওয়া হয়। এরপর গ্রাহকদের একটি প্রতিনিধি দল তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা জানাতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করতে যায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া গ্রাহকদের সরিয়ে দেওয়া হয়েছে।

তবে গ্রাহকদের অভিযোগের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার নুরুল হুদার বক্তব্য জানা যায়নি।

প্রতিনিধি/এলএ