Dhaka Mail Logo

সারাদেশ

সাউন্ড বক্স বাজিয়ে দেনাদারের বাড়ির সামনে পাওনাদারের অনশন

জেলা প্রতিনিধি

২৭ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

যশোর শহরের আরএন রোড এলাকায় পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে এক অভিনব প্রতিবাদের ঘটনা ঘটেছে। চার বছর ধরে পাওনা ১০ লাখ ২০ হাজার টাকা ফেরত না পেয়ে দেনাদারের বাড়ির সামনে সাউন্ড বক্স বাজিয়ে ও ব্যানার টাঙিয়ে প্রতীকী অনশনে বসেছেন আল আমিন নামে এক প্রবাসী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে আরএন রোডের ‘রওনক সানফ্লাওয়ার’ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। সাউন্ড বক্সে টাকা আত্মসাতের বিস্তারিত বিবরণ বাজতে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী আল আমিন বলেন, তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রবাসে থাকাকালে আত্মীয় সূত্রে জানতে পারেন শাহরিয়ার পলাশ নামে এক ব্যক্তি তার দোকান বিক্রি করবেন। সে অনুযায়ী চার বছর আগে পলাশকে ১০ লাখ ২০ হাজার টাকা বুঝিয়ে দেন তিনি। তবে টাকা পাওয়ার পর দোকান রেজিস্ট্রি না করে দিয়ে নানা টালবাহানা শুরু করেন পলাশ। পরবর্তীতে খোঁজ নিয়ে আল আমিন জানতে পারেন, দোকানটি নিয়ে পারিবারিক ও আইনি বিরোধ রয়েছে এবং পলাশ এর একক মালিক নন। বিষয়টি প্রকাশ পেলে তিনি দোকান না নিয়ে তার মূল টাকা ফেরত চান, কিন্তু অভিযুক্ত পলাশ টাকা না দিয়ে তাকে ঘোরাতে থাকেন।

বর্তমানে আল আমিন চরম শারীরিক ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। দেশে ফেরার পর তার এক পায়ে অস্ত্রোপচার করে রড বসাতে হয়েছে এবং পায়ুপথেও অপারেশন করা হয়েছে। চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়া এই ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, সব হারিয়ে চিকিৎসা চালানোর টাকাও নেই। বারবার ধর্ণা দিয়েও টাকা না পেয়ে বাধ্য হয়ে এই শারীরিক অবস্থা নিয়েই অনশনে বসেছি।

টাকা আটকে রাখার কথা স্বীকার করে অভিযুক্ত শাহরিয়ার পলাশ জানান, শরিকদের ঝামেলার কারণে দোকানটি হস্তান্তর করা সম্ভব হয়নি। অন্য কোথাও দোকানটি বিক্রি করতে পারলে আল আমিনের পাওনা টাকা পরিশোধ করে দেবেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ